হিজলা নৌ পুলিশ ফাঁড়ি দেশসেরা, অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মা ইলিশ রক্ষার অভিযানে মামলাসহ বিভিন্ন সূচকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় সহিংসতা, এক জেলের গুলিতে মৃত্যু এবং ইলিশের ডিম ছাড়ার হার কমার তথ্য নিয়ে সাফল্য প্রশ্নের মুখে পড়েছে।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে দাপ্তরিক মূল্যায়নে দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম হয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। এ সময়ে ১৪৫টি মামলা, ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল জব্দের কথা জানিয়েছে নৌ পুলিশ। তবে নিষেধাজ্ঞার মধ্যে সংঘাত ও গুলিতে এক জেলের মৃত্যু এবং ইলিশের ডিম ছাড়ার হার কমার তথ্যের কারণে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বছর ৮ থেকে ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কার্যকর ছিল। ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরের এক সভায় অভিযানের মূল্যায়ন করা হয়। অতিরিক্ত মহাপরিদর্শক ও নৌ পুলিশপ্রধান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিজলা ফাঁড়িকে প্রথম ঘোষণা করা হয়।
মৎস্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ে হিজলা উপজেলায় ৭৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং ১১৮টি অভিযান চালানো হয়েছে। জব্দ করা ইলিশের পরিমাণ ১.২৩৩ টন, মামলা ১০১টি এবং কারাদণ্ড হয়েছে ৮৯ জনের। দুই দপ্তরের মামলার সংখ্যায় পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।
হিজলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক খান বলেন, এবার নিষেধাজ্ঞা নামমাত্র হয়েছে। তাঁর দাবি, একজন জেলেকে গুলি করে হত্যা করা হয়েছে; এ ঘটনায় কারা জড়িত, তা সবাই জানলেও প্রশাসন কাউকে শনাক্ত করেনি।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে এবার ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কমার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ জানান, তাঁর দল ২ নভেম্বর পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করে ডিম ছাড়ার হার ৩০ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ পেয়েছে। গত বছর প্রজননের গড় হার ছিল ৪৮ দশমিক ২৭ শতাংশ। নির্বিচারে মাছ ধরা ও নজরদারির ঘাটতিকে এ পরিস্থিতির সম্ভাব্য কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলে হত্যা মামলার তদন্ত করছে নৌ পুলিশ
গত ২৯ অক্টোবর গুলিতে নিহত হন মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০)। তাঁর স্ত্রী জাহানারা ১৫ নভেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
হিজলা থানার ওসি সোলায়মান হোসেন বলেন, মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে। নৌ পুলিশের এসআই প্রদীপ চন্দ্র সরকার জানান, তদন্ত চলছে, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আক্তারের কয়েকজন সঙ্গীর অভিযোগ, হত্যায় নৌ পুলিশ জড়িত; সেই বাহিনীর সদস্যদের দিয়ে তদন্ত করানোকে তাঁরা তামাশা বলে মনে করেন।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, ‘২৬ ক্যাটাগরিতে যাচাইয়ে হিজলা ফাঁড়ি দেশের সেরা হয়েছে। মৎস্য অধিদপ্তর তাদের আঙ্গিকে, আমরা আমাদের মতো করে কাজ করেছি।’ তিনি জানান, গত বছর মামলা ছিল ৪৬টি, এবার ১৪৫টি; অভিযান বেশি হওয়ায় মামলা বেড়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে সহিংসতা বেশি ছিল। ৯ অক্টোবর অভিযানের প্রথম দিন জেলেদের হামলায় মৎস্য অধিদপ্তরের স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড ১০টি ফাঁকা গুলি ছোড়ে। তাঁর ভাষ্য, পুরো ২২ দিন অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে এবং শেষ দিন গুলিতে এক জেলে নিহত হন।
সূত্র: আজকের পত্রিকা



