শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অতিরিক্ত পুলিশ সুপার

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন। অস্থিরতার মধ্যে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশ সদস্যরা আহত হন। পরে ওই এলাকায় পরিস্থিতি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। শ্রমিকদের ইটপাটকেলে পুলিশের সদস্য আহত হয়েছেন।
চলমান অস্থিরতার কারণে কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ গাজীপুরের আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা




