ঈশ্বরদীতে জামায়াতের চার নেতার বাড়িতে হামলা, পুড়ল আট মোটরসাইকেল

পাবনার ঈশ্বরদীতে গুলির ঘটনার কয়েক ঘণ্টা পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় সোমবার (২৩ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রাত ৮টা থেকে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। বাড়িতে থাকা অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
এর কয়েক ঘণ্টা আগে একই এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় মুখোশধারীরা গুলি চালায় বলে অভিযোগ। রাতে সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং দলটির কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা হয়।
আব্দুর রাজ্জাকের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি। পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খানের অভিযোগ, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে বাড়িগুলোতে লুটপাট চালানো হয়।
অন্যদিকে, জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, আওয়ামী লীগবিরোধী মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালিয়ে গুলি করেন। পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধের কারণেই ঘটনা ঘটেছে বলে দাবি করে তাঁরা জামায়াতের সঙ্গে কোনো বিরোধ থাকার কথা অস্বীকার করেন। জাকারিয়া পিন্টু বলেন, তিনি ঢাকায় থাকায় বিস্তারিত জানেন না; তবে বালুমহাল নিয়ে বিরোধের জেরে গুলি ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছেন। জামায়াতের কোনো বাড়িতে হামলার বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেন।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি হামলা ও অগ্নিসংযোগের জন্য বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের দায়ী করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের দাবি, এটি রাজনৈতিক ঘটনা নয়; পদ্মার বালুমহাল নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষ ও হামলা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলি ও অগ্নিসংযোগের ঘটনা দুটি পুলিশ তদন্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে; বর্তমানে পরিস্থিতি শান্ত।
সূত্র: চ্যানেল আই অনলাইন




