ঘিওরে বাড়ির পাশে পোশাকশ্রমিকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

কর্মস্থলে যাওয়ার পর সোমবার রাতে আর বাড়ি ফেরেননি চম্পা বেগম। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়; গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পরিবার।
মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশে বাথরুমের কাছে চম্পা বেগম (৪০) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ পাওয়া গেছে। সোমবার কর্মস্থলে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। গলায় ফাঁসের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
চম্পা ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কাজ করতেন। প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরিবারের ভাষ্য, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) ঘরের বাইরে গিয়ে বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পার স্বামী স্বপন মিয়া আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর চম্পা গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন।
ঘিওর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সূত্র: আজকের পত্রিকা




