মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে আবু সায়েম ও মুরাদ মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বরিশালের মুলাদীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাংলাবাজার ও তেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু সায়েম (৪৫) ও মুরাদ মল্লিক (৩৫)। আবু সায়েম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। মুরাদ মল্লিক পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন; বর্তমানে তিনি উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মুলাদী সদর ইউনিয়নের খালাশিরচর বাংলাবাজার এলাকা থেকে আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়। রাত পৌনে ১০টার দিকে পৌরসভার তেরচর এলাকায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুরাদ মল্লিককে। তাঁদের দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




