খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে দুই রাউন্ড ফাঁকা গুলি

খুলনার লবণচরা এলাকার এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুই রাউন্ড ফাঁকা গুলি করেছে দুর্বৃত্তরা। ভাড়া নিয়ে বিরোধের কথা জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি করে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বাড়ির মালিক টুটুল পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তাঁর বাড়িতে ভাড়া থাকতেন। কয়েক মাসের ভাড়া বকেয়া থাকা নিয়ে তাঁদের মধ্যে বাক্বিতণ্ডা হয়েছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েক দিন আগে ভিডিও কলে নুর আজিমের ছবি টুটুলকে দেখান মামুন। তিনি টুটুলকে জিজ্ঞাসা করেন, ‘এঁকে চিনতে পেরেছেন?’ টুটুলের উত্তর ছিল, ‘না, আমি তাকে চিনি না।’
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। পরে দুর্বৃত্তরা বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে গুলি চালায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লবণচরা থানার উপপরিদর্শক সাইফুল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কারা এবং কী কারণে গুলি করেছে, তা জানার চেষ্টা চলছে।
সূত্র: আজকের পত্রিকা




