বেনাপোলে ককটেল হামলায় শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সহকর্মী আহত

যশোরের বেনাপোলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ককটেল হামলায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ; কাউকে আটক করা যায়নি।
যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে ককটেল হামলায় স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি ও লোকমান হোসেন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা যায়নি।
আহত লোকমান হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদকও।
তবি বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সীমান্তে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নেওয়ার পর তিনি ও তাঁর সহকর্মীরা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত একটার দিকে ছোট আঁচড়া গ্রামে তাঁর বাড়ির ফটকের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। একটি বিস্ফোরিত হলে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পণ্য খালাস বন্ধ হয়ে যায়।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের দাবি, নিষিদ্ধ সংগঠনের লোকজন আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি নেতাদের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। গত সপ্তাহে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুকের বাড়ির সামনেও হামলা হয়েছিল বলে তিনি দাবি করেন।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তারেক নাহিয়ান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সূত্র: আজকের পত্রিকা




