ঈদগাঁওয়ে ঘরের বিমে ঝুলছিল নারীর মরদেহ, স্বামী পলাতক

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঘরের ছাদ কেটে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁর স্বজন। পুলিশ বলছে, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে; প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় ইয়াছমিন আকতার (২৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁর ঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা জড়ো হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ইয়াছমিনের এক স্বজন টিনের ছাদ কেটে ভেতরে ঢুকে তাঁকে ঘরের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় বাসিন্দারা মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন।
ইয়াছমিন দক্ষিণ মাইজপাড়া গ্রামের আবদুল হামিদের স্ত্রী। তিনি পেশায় রাজমিস্ত্রি। ঘটনার পর থেকে আবদুল হামিদ পলাতক রয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার জানান, পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে ইয়াছমিন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। ইয়াছমিনের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।
সূত্র: প্রথম আলো




