চিরিরবন্দরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে জিডি

দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই সাংবাদিক।
দিনাজপুরের চিরিরবন্দরে সংবাদে দলীয় পদ-পদবি উল্লেখের বিষয় নিয়ে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতানের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর রাতে চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি করেছেন সাংবাদিক মো. ইমরান আলী।
ইমরান আলী একটি জাতীয় দৈনিকের চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে ও সালেহীনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘একবারে ফাটায় ফেলব! সময়মতো, জায়গামতো ফাটায় ফেলব। রোডের মধ্যে ফেলায়ে খুঁচব।’
স্থানীয় সূত্রের ভাষ্য, অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের জমি নিয়ে মেরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বুধবার বিরোধপূর্ণ জমিতে থাকা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে জাহানুর ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে টেলিভিশনে সংবাদ প্রচার এবং ‘চিরি নদী’ নামে একটি ফেসবুক পেজে ভিডিও প্রকাশিত হয়।
ইমরান আলীর দাবি, তিনি নিজে এ বিষয়ে কোনো সংবাদ লেখেননি। তাঁর ভাষ্য, অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান বৃহস্পতিবার দুপুরে তাঁকে উপজেলা চত্বরে ডেকে নেন। সেখানে কথা বলার সময় সালেহীন এসে তাঁকে রাস্তায় ফেলে পিষে মারার হুমকি দেন।
অভিযোগের বিষয়ে সালেহীন বলেন, জমির বিরোধে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় প্রকাশিত সংবাদে যুবদল নেতার নাম উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে দুজনের কথা-কাটাকাটি হয়। তাঁর দাবি, উচ্চ স্বরে কথা হলেও তিনি হত্যার হুমকি দেননি। জিডির বিষয়েও তিনি জানেন না বলে জানান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, এক যুবদল নেতার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সূত্র: প্রথম আলো



