পঞ্চগড়ে সাপের কামড়ের পর মৃত সাপ নিয়ে হাসপাতালে গেল স্কুলছাত্র

বোদা উপজেলায় ধানখেতে কাজের সময় ১৪ বছর বয়সী মুরশেদ হাসানকে দাঁড়াশ সাপে কামড় দেয়। পরে সাপটি মেরে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে যায় সে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় ধানখেতে কাজ করার সময় সাপের কামড়ের শিকার হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশেদ হাসান। ১৪ বছর বয়সী এই কিশোর সাপটিকে লাঠি দিয়ে মেরে পরে পরিবারের সদস্যদের সঙ্গে মৃত সাপটি নিয়ে হাসপাতালে যায়।
মঙ্গলবার বিকেলে উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারি প্রধানপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মুরশেদ ওই গ্রামের আসাদু জামানের ছেলে এবং বড়শশী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, ধানখেতে যাওয়ার পর একটি দাঁড়াশ সাপ মুরশেদকে কামড় দেয়। সে লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
মুরশেদের বাবা আসাদু জামান বলেন, ‘বাসায় এসে দেখি, আমার ছেলে হাতে সাপ নিয়ে এসেছে। পরে জানতে পারি, ধানখেতে সাপটি তাকে কামড় দিয়েছে। এরপর দেরি না করে সাপসহ তাকে হাসপাতালে নিয়ে আসি।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদীপা বলেন, সাপে কাটা এক শিক্ষার্থী হাসপাতালে এসেছে। প্রাথমিকভাবে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি জানান, মুরশেদ সুস্থ আছে; প্রয়োজন হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা




