শিবগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে থানায় দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে শোভাযাত্রা বের করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। সেটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে দুই ব্যক্তি স্লোগান দেন। পরে তাঁরা পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. শামীম ও মো. রাব্বি। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি তাঁদের ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত বলে দাবি করেছেন। তবে তাঁদের কোনো পদ-পদবি আছে কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ফজলে আজিম অভি বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদল শোভাযাত্রা বের করেছিল। শিবগঞ্জ পৌর বাজারে ছাত্রলীগের দুই নেতা স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুজনকে থানায় আটক রাখা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা


