মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

মহম্মদপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা গেছে পাঁচ বছরের বাঁধন কুণ্ডু। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে বাঁধন কুণ্ডু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধুপুড়িয়া কুণ্ডুপাড়ায় এ ঘটনা ঘটে। বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ কুণ্ডুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল বাঁধন। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




