পদ্মা এক্সপ্রেস থেকে ফেলে যাত্রীকে হত্যা, চারজন গ্রেপ্তার

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর এক যাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ।
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের পর এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি)। মঙ্গলবার সকালে আব্দুলপুর জংশন স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিহত যাত্রীর নাম মো. মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া ঘরনাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের সাবদুল রহমানের মেয়ে মোছা. লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জের মৃত মোজাফফর আলীর ছেলে মো. আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. আবরাঘ আলীর ছেলে মো. মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুরের রহুল আমিনের ছেলে মো. হৃদয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে মোনারুল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজনের সঙ্গে একটি সংঘবদ্ধ মলম পার্টির সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোনারুলের টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় চারজনকে জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে পুলিশ। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাই ও যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা




