মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

৬০০ উপকারভোগীর বরাদ্দের মধ্যে ৩০–৪০ জন পণ্য পেয়েছেন বলে অভিযোগ করে মনপুরার দক্ষিণ সাকুচিয়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইউএনও জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ২টার দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে সোমবার পণ্য বিতরণের কথা থাকলেও গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনকে পণ্য দেওয়া হয়। বাকি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। এতে সাড়ে পাঁচ শতাধিক উপকারভোগী বঞ্চিত হয়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারী খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে টিসিবির ডিলার হিসেবে অন্য ইউনিয়নের বাসিন্দাকে নিয়োগ দেওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাঁরা ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দাকে দ্রুত ডিলার নিয়োগের দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে পণ্য বিতরণের দায়িত্বে থাকা নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যারের জটিলতায় বিতরণে সমস্যা হয়েছে। জটিলতা কাটলে আবার পণ্য দেওয়া হবে। সরকারি নিয়ম মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন এবং কোনো অনিয়ম বা স্বজনপ্রীতিতে জড়িত নন বলেও দাবি করেন তিনি। যাচাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যে বরাদ্দের সব পণ্য বিতরণ করা হবে বলে জানান নিজাম উদ্দিন। পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার অভিযোগও তিনি নাকচ করেন।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা




