নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবার চালান লুট ঘিরে গোলাগুলি, নিহত ১

মিয়ানমার সীমান্তের কাছে ইয়াবার চালান লুটের চেষ্টায় দুই পক্ষের গোলাগুলিতে আহত মো. শাহজাহান শনিবার হাসপাতালে মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবার চালান লুটকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মো. শাহজাহান নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
বৃহস্পতিবার রাতে মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলিতে শামশুল আলম (৪০) নামের আরেকজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক শনিবার রাত সাড়ে ১০টায় জানান, দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় চালান আনার সময় আরেকটি গোষ্ঠী সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আহত দুজনকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল; সেখানে শাহজাহানের মৃত্যু হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ওসি বলেন, দুই পক্ষই মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং তাদের সদস্যরা ভারী অস্ত্র ব্যবহার করে। কয়েকজন মূল হোতাকে শনাক্ত করা হয়েছে। ইয়াবা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো পুলিশের জন্য অনিরাপদ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আটজনের একটি দল মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে ৪৮ নম্বর পিলারের কাছের ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের পথ আটকায়। পরে গোলাগুলি হয় এবং ১২ জনের দলটি চালানটি নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো





