মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন পাননি বলে জানালেন ডিসি

মোহাম্মদপুরে জানাজা শেষে ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তূর্যকে দাফন করা হয়েছে। তার মা শারমিন সুলতানার প্যারোলের কোনো আবেদন পাননি বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক।
ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে নিসর্গ হোসেন তূর্যকে। শনিবার সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। তূর্যের বয়স হয়েছিল ১৫ বছর।
তূর্যের মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী। ছেলের মৃত্যুর পর শেষবারের মতো তাকে দেখাতে শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ কারাগারে নেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি। শারমিনের পরিবারও জানিয়েছে, তারা প্যারোলের আবেদন করেনি।
শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু বলেন, প্যারোলের আবেদন না করতে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছিল। ডিসেম্বর পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকির কথা বলা হয়।
শাহাদাৎ হোসেনের ভাষ্য, কারাগারে মরদেহ নেওয়ার পর শারমিনকে ছেলেকে দেখার জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘সে সময় তূর্যর মরদেহ জড়িয়ে ধরে কান্না করছিল তার মা। আর আক্ষেপ করে বলছিল, “আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না”।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর খবর পেয়ে শারমিন শেষবারের মতো তাকে দেখতে চেয়ে আবেদন করেছিলেন। পরে তাঁকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।
তূর্যের খালা শাম্মী সাংবাদিকদের বলেন, জন্মের পর থেকে সে নানা শারীরিক জটিলতায় ভুগছিল। চোখসহ শরীরের বিভিন্ন অংশে তার ১০ থেকে ১২টি অস্ত্রোপচার হয়েছিল।
কারাগার সূত্রে জানা গেছে, অক্টোবরের শুরুর দিকে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক। ২০১৭ থেকে ২০২২ মেয়াদে তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সূত্র: প্রথম আলো





