টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড

নিউমার্কেটে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার দাবি, তিনি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য দিচ্ছেন না।
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন এ আদেশ দেন।
দুপুরের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) আসলামকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. ইরফান খান তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আগের পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে আসলাম সঠিক তথ্য দেননি এবং প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তাঁর দাবি, আসলাম হত্যাকাণ্ডের ঘটনা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছেন। আবেদনে আরও বলা হয়, সাক্ষ্যপ্রমাণে টিটন হত্যায় আসলামের পরোক্ষ যোগসাজশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
হত্যার রহস্য উদ্ঘাটন, ইন্ধনদাতাদের শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত ও পলাতক আসামিদের অবস্থান জানতে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। গত ২৩ নভেম্বরও আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছিল।
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের বটতলায় গুলিতে নিহত হন টিটন। পরদিন তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে অজ্ঞাতনামাদের আসামি করা হলেও সন্দেহভাজন হিসেবে পিচ্চি হেলাল, কিলার বাদল, শাহজাহান ও ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, সুইডেন আসলাম একাধিক হত্যা মামলার আসামি ছিলেন এবং ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা





