রুপা-শাকিলকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখার আইনি ভিত্তি নেই বলে মত দিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন।
সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত দিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।
ফারজানা রুপা ও শাকিল আহমেদ স্বামী-স্ত্রী। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর দুই বছরের বেশি সময় ধরে তাঁরা আটক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এবং একাধিকবার আবেদন করেও তাঁরা জামিন পাননি।
সিজেএ জানায়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা গত বছরের জানুয়ারিতে এই দম্পতির পক্ষে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের কাছে অভিযোগ জমা দেন। ওয়ার্কিং গ্রুপের মত, তাঁদের আটকে রাখার কোনো আইনি ভিত্তি নেই। এ আটকের ফলে তাঁদের মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়সংগত বিচারের অধিকারও লঙ্ঘিত হচ্ছে।
গত মে মাস থেকে ফারজানা রুপা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন। সেখানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
সিজেএর নির্বাহী কমিটির সদস্য উইলিয়াম হর্সলে ওয়ার্কিং গ্রুপের মতামতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেছেন। তাঁর দাবি, সাংবাদিকতার কারণে ভিত্তিহীন অভিযোগে রুপা ও শাকিলকে দীর্ঘদিন আটক রাখা হয়েছে। তাঁদের পাশাপাশি বাংলাদেশে ভিত্তিহীন অভিযোগে আটক অন্য সাংবাদিকদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: প্রথম আলো





