রেলপথের নিরাপত্তায় দুই মাসের জন্য ২,৫০০ আনসার মোতায়েন

রেলপথে নাশকতা ঠেকাতে ডিসেম্বর ও জানুয়ারিতে ২ হাজার অঙ্গীভূত আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলপথে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাসের জন্য ২ হাজার অঙ্গীভূত আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় এ-সংক্রান্ত প্রস্তাবসহ নিরাপত্তা বাড়ানোর নানা পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২ হাজার অঙ্গীভূত আনসার মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য জিআরপির সঙ্গে কাজ করবেন; তাঁরা শনিবার থেকে মোতায়েন হয়েছেন। বিভাগীয় ব্যবস্থাপক ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নির্দেশনায় স্টেশন এবং আশপাশের নির্ধারিত এলাকায় তাঁরা দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের সভার তথ্য অনুযায়ী, ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে রেলের পূর্বাঞ্চলে ২১টি এবং পশ্চিমাঞ্চলে ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। সচিবের ভাষ্য, বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটেছে; এর একটি কারণ রাজনৈতিক পরিস্থিতি হতে পারে। তাঁর দাবি, নিরাপত্তায় ঘাটতি ছিল না, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে।
নিরাপত্তা পরিকল্পনায় স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ব্যাগ ও লাগেজ এক্স-রে স্ক্যানার বা মেটাল ডিটেক্টরে পরীক্ষা, গুরুত্বপূর্ণ স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন এবং অচল ক্যামেরা সচল করার প্রস্তাব রয়েছে। অরক্ষিত প্রবেশপথ বন্ধ, রেললাইনে গোয়েন্দা নজরদারি এবং ট্রেন ও স্টেশনে ২৪ ঘণ্টা যৌথ টহলও জোরদার করার কথা বলা হয়েছে।
ট্রেন, স্টেশন, ইয়ার্ড ও রেলওয়ের অন্যান্য স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব হস্তান্তরের তথ্য লগবুকে রাখার প্রস্তাব করা হয়েছে। নাশকতা বা সহিংসতার খবর পেলে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের অনুশীলনের পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, ‘সাময়িকভাবে জনবল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। রেলপথের নিরাপত্তায় বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও কার্যকর স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
সূত্র: আজকের পত্রিকা





