ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মোটরসাইকেল মহড়া

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরে ড্রোন নজরদারিসহ বিশেষ মহড়া দিয়েছে সদর থানা-পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশেষ মহড়া দিয়েছে সদর থানা-পুলিশ। মহড়ায় আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পৈরতলা ও পুনিয়াউট মোড় থেকে মহড়া শুরু হয়। সদর থানার বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোটরসাইকেলে হুইসেল বাজিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
টিএ রোড, কুমারশীল মোড়, পাইকপাড়া ও মেড্ডা হয়ে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে মহড়া শেষ হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতাসহ যেকোনো অপতৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তায় থানার পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপনের পরামর্শ দিয়েছেন ওসি। সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
সূত্র: প্রথম আলো





