রায়েরবাজারে পাঁচ রিকশার গ্যারেজে এসআরবি-২-এর অভিযান

মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে প্রায় ৩০০ চালককে নজরদারিতে এনেছে এসআরবি-২। পরিচয় যাচাইয়ে চালকদের এনআইডির কপি চেয়েছে সংস্থাটি।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা ইউনিট এসআরবি-২। অভিযানে গ্যারেজগুলোতে কাজ করা প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় আনা হয়েছে।
শনিবার এসআরবি-২-এর একটি দল এ অভিযান চালায়। ইউনিটটির উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।
চালকদের পরিচয় যাচাই ও অপরাধসংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে গ্যারেজমালিকদের তাঁদের অধীনে থাকা চালকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে এসআরবি-২ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে (সিডিএমএস) যাচাইয়ের পাশাপাশি চালকদের পুলিশ ক্লিয়ারেন্স প্রি-রেকর্ড (পিসিপিআর) পরীক্ষা করা হবে।
এসআরবি-২-এর দাবি, কিছু অপরাধী রিকশাচালকের ছদ্মবেশে অপরাধ করছে। বিভিন্ন জায়গায় অপরাধের পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে রাজধানীর আবাসিক হোটেল ও রিকশার গ্যারেজে আশ্রয় নিচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এসআরবি বলেছে, রিকশাচালকদের হয়রানি করা এ অভিযানের উদ্দেশ্য নয়; ছদ্মবেশে থাকা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। যাচাইয়ে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআরবি সূত্রের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছদ্মবেশে সহিংসতা করছে কি না, তা যাচাই করতেও এ কার্যক্রম চালানো হচ্ছে। সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আজকের পত্রিকা





