লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে ঢাকার লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে ডিবি। কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি গোয়েন্দা পুলিশ।
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় থাকেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির তথ্যে কিছু বলা হয়নি।
২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতায় গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনার। পরে তাঁর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। বাবার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় আলোচনায় আসেন ডরিন।
সূত্র: আজকের পত্রিকা



