টোল আদায়ে ধীরগতি ও মেলার ভিড়ে বিজয় সরণি-আগারগাঁওয়ে যানজট

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হাতে টোল নেওয়ার ধীরগতি এবং আগারগাঁওয়ে এসএমই মেলার ভিড়ে বিজয় সরণি ও আশপাশের এলাকায় যানজট হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
বিজয় সরণি ও আগারগাঁওয়ের আশপাশে কয়েক দিন ধরে যানজট বেড়েছে। ছুটির দিন ও কর্মদিবস—দুই সময়েই সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে আশপাশের এলাকাতেও। শনিবার বিকেলেও এ চিত্র দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিজয় সরণিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ধীরে টোল নেওয়ায় যানবাহন আটকে যাচ্ছে। পাশাপাশি আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ ঘিরে মানুষের ভিড়েও ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামলাতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা।
ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, বিজয় সরণি ও তেজগাঁও লাভ রোডের র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠা গাড়িগুলোর টোল হাতে নিয়ে একটি করে আদায় করছেন সেতু কর্তৃপক্ষের কর্মীরা। এভাবে টোল নেওয়ার কাজ কয়েক দিন ধরে চলছে এবং আগামী সোমবার পর্যন্ত চলবে। মঙ্গলবার থেকে এক্সপ্রেসওয়েকেন্দ্রিক বাড়তি চাপ কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, ছুটির দিনে বিকেলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে পরিবার নিয়ে অনেকে এসএমই মেলায় আসছেন। মেলামুখী মানুষের সঙ্গে যানবাহনের চাপও বেড়েছে, যা বিজয় সরণি ও আশপাশের সড়কে স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলছে।
ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, অফিস ছুটির পর বিকেল চারটা থেকে তেজগাঁও লাভ রোডে এক্সপ্রেসওয়ের র্যাম্পে ওঠার জন্য গাড়িগুলো বাঁ দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। র্যাম্পে উঠতে না পারায় যানবাহনের সারি তেজগাঁও ছাড়িয়ে সচিবালয় ও মতিঝিল পর্যন্ত পৌঁছায়। বিজয় সরণির র্যাম্পে ওঠার অপেক্ষায় থাকা গাড়ির জট ফার্মগেট, সোনারগাঁও হোটেল মোড় ও শাহবাগ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
টোল প্লাজায় গাড়ি আটকে থাকলে শুধু সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা করে জট কাটানো কঠিন বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। টোল নেওয়ার গতি বাড়লে সড়কের গাড়িও দ্রুত চলতে পারবে। দ্রুত ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর জন্য সেতু কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন পর্যায়ে জোর দাবি জানিয়েছে বিভাগটি।
পান্থপথ, নিউমার্কেট ও ধানমন্ডির প্রধান সড়কেও অন্য দিনের তুলনায় যানবাহনের গতি কম ছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ছুটির দিনে এসব এলাকার শপিং মল ঘিরে মানুষের ভিড় বাড়ে।
সূত্র: প্রথম আলো





