খিলক্ষেতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় ১১ দিনেও গ্রেপ্তার নেই অভিযুক্ত

খিলক্ষেতের নিকুঞ্জে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার ১১ দিনেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ।
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার ১১ দিন পরও অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি খিলক্ষেত থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি। তাঁকে গ্রেপ্তার না করায় উদ্বেগ প্রকাশ করেছে শিশুটির পরিবার।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা-বাবা কাজের জন্য বাসার বাইরে ছিলেন। এ সময় চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বাপ্পী—এমন অভিযোগ করা হয়েছে। বাসায় ফিরে শিশুটিকে অসুস্থ ও বিপর্যস্ত দেখে পরিবারের সদস্যরা তার কাছে ঘটনার কথা জানতে পারেন।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পালক বাবা মো. ওয়াদুদ মিয়া ওরফে সাগর মিয়া ২০ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
ওয়াদুদ মিয়া বলেন, তাঁর মেয়ে নিজের কষ্ট ঠিকমতো প্রকাশ করতে পারে না। মামলা করার ১১ দিন পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। দ্রুত গ্রেপ্তার এবং মেয়ের জন্য ন্যায়বিচার চেয়েছেন তিনি।
ধর্ষণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে বাপ্পীকে খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দলীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি ফুটপাত দখল করে দোকান বসানো এবং সেখান থেকে চাঁদাবাজি করতেন। রাতে মদ্যপ অবস্থায় নিকুঞ্জের সড়কে বেপরোয়া আচরণের অভিযোগও করেছেন তাঁরা।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশের আইনি উদ্যোগ চলছে এবং তাঁকে শিগগির গ্রেপ্তার করা যাবে বলে তাঁরা আশাবাদী। স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও শিশুটির চিকিৎসা, মানসিক পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা





