দেবিদ্বারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারে ১১ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে মো. নুরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও শিশুটির স্বজনদের অভিযোগ, খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে নুরুল ইসলাম গত এক বছর ধরে বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণ করেছেন।
এজাহারে শিশুটির মা বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাবার দেওয়ার কথা বলে নুরুল শিশুটিকে একটি একতলা ভবনের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে ধরে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটি জানায়, গত এক বছর ধরে সে নির্যাতনের শিকার হয়েছে।
নুরুলের বাড়ি দেবিদ্বার উপজেলার একটি গ্রামে। তিনি ময়নামতি ১৫ নম্বর গেট এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে গত ৮ নভেম্বর তাঁকে ওই প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় চাকরির চেষ্টা করছিলেন তিনি।
শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকায় চাকরি করেন এবং মা গৃহিণী।
পুলিশ জানায়, শিশুটির শারীরিক পরীক্ষা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগেও এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে তাঁর চাকরি যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা





