ফরিদপুরে কোতোয়ালি থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল, বিস্ফোরণ মার্কেটের ছাদে

ফরিদপুর কোতোয়ালি থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পাশের পৌর মার্কেটের টিনের ছাদে বিস্ফোরণের শব্দ শুনলেও ঘটনাস্থলে আলামত পায়নি পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল ছোড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে থানার লাগোয়া ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থল শহরের ফরিদ শাহ সড়কে, কোতোয়ালি থানার উত্তর পাশে। ব্যারাক ভবনটি থানার সীমানাপ্রাচীর ঘেঁষে; মার্কেটের যে অংশে বিস্ফোরণ হয়েছে, তা থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।
পাশের চা দোকানের মালিক লিটন সাহা বলেন, হঠাৎ শব্দ শুনে দোকান থেকে বেরিয়ে তিনি পৌর মার্কেটের টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ বলেন, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, সড়কের অন্য পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো তলা থেকে ককটেলটি ছোড়া হয়ে থাকতে পারে। নিরপেক্ষ তদন্ত হলে ঘটনার কারণ বের হবে বলেও মন্তব্য করেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের কোনো আলামত পায়নি, তবে বিস্ফোরণের শব্দ শুনেছে। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা


