কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬; বিস্ফোরণ অর্ধশতাধিক ককটেল

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজারের কাছে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। পরে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে কয়েক দফা ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাদারীপুর শহরের থানতলী ও রাজৈর উপজেলার পাইকপাড়া এলাকাতেও আওয়ামী লীগের মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: আজকের পত্রিকা


