চকরিয়ায় আগুনে পুড়ল ১৫ দোকান, ক্ষতির দাবি দেড় কোটি টাকা

কক্সবাজারের চকরিয়ায় রেজা মার্কেটে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি স্টেশনের রেজা মার্কেটে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে প্রায়ই ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ করা হতো। ওই দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৫টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তামজিদুল ইসলাম বলেন, আগুনে তাঁর দোকানের সব মালামাল পুড়ে গেছে। পুঁজি হারিয়ে ধারদেনাসহ কঠিন পরিস্থিতিতে পড়েছেন বলেও জানান তিনি।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা




