দেবীগঞ্জে পুকুরে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে চার ও তিন বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে খালাতো বোন।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারিহার মা লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে রাইসা ও ফারিহা বাড়ির বাইরে খেলতে গিয়ে পুকুরপাড়ের একটি জলপাইগাছের নিচে জলপাই কুড়াতে যায়। পুকুরপাড় পিচ্ছিল থাকায় তারা দুজন পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরে মেয়েকে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা এসে রাইসাকে উদ্ধার করেন। পরে একই পুকুর থেকে ফারিহাকেও তোলা হয়।
দুজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা


