চুয়েটে সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল সোয়া চারটার দিকে শুরু হওয়া অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রায় আধা ঘণ্টা পর কর্মসূচি তুলে নেন তাঁরা।
পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জরুরি সভা করে চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ। সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানানোর সিদ্ধান্ত হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ জানান, এ দাবিতে রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিল করবেন শিক্ষকরা।
গত ২১ সেপ্টেম্বর ৫৬ দিন দায়িত্ব পালনের পর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও আন্দোলনে যোগ দেন।
১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করেন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাঁকে সেখান থেকে বের করা হয়। এরপর সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করে। কমিটিতে চুয়েটের প্রতিনিধি না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
টানা ৩৬ দিনের অচলাবস্থার পর ২৮ অক্টোবর থেকে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তবে উপাচার্যের নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে তাঁদের আন্দোলন চলতে থাকে। শিক্ষক সমিতি এখন সাবেক উপাচার্যকে ফেরানোর দাবি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে উপাচার্য নিয়োগের প্রস্তাব দিয়েছে।
সূত্র: আজকের পত্রিকা


