নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন, পুড়েছে আসবাব

নেত্রকোনা পৌর শহরে এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুনে বারান্দার একটি কক্ষের কিছু আসবাব পুড়ে গেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাব পুড়ে যায়; কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বাসার ভেতরে থাকা লোকজন বারান্দার কক্ষে আগুন দেখতে পান। তাঁরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রাও তাঁদের সঙ্গে যোগ দেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় ছিলেন। ফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল এবং বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।’ নিজের ফেসবুক পোস্টেও তিনি আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
ফাহিম নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



