সৌদি আরব যাওয়ার এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোহাম্মদুরের

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের একজন মোহাম্মদুর রহমান। এক সপ্তাহের মধ্যে তাঁর সৌদি আরব যাওয়ার কথা ছিল।
সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছিলেন মোহাম্মদুর রহমান (২৭)। পাসপোর্ট, ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলেও যাত্রার এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাঁদের একজন মোহাম্মদুর। তাঁর বাড়ি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায়।
স্থানীয় লোকজন জানান, খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ফায়সাল স্টোর নামে একটি মনিহারি দোকান চালাতেন মোহাম্মদুর। তিন মাস আগে দোকানটি ছেড়ে দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে ঈদগাঁও বাজারের একটি ট্রাভেল এজেন্সিতে কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন মোহাম্মদুর। তাঁর বাবা আজিজুর রহমান ও মা দিলমাস খাতুন মারা গেছেন। ১৬ বছর আগে ভাই ছৈয়দ আলমের মৃত্যুর পর ওই ভাইয়ের পরিবারেই বড় হন মোহাম্মদুর। পরে সেই পরিবারের দায়িত্বও নিয়েছিলেন তিনি।
বড় ভাই মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার ভাইটা এতিম। মা-বাবা কেউ ছিল না। আমাদের মেজ ভাই মারা যাওয়ার পর তাঁর সংসারেই বড় হয়েছে। বড় হয়ে ওই পরিবারের হাল ধরেছিল। সেই ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল।’ তিনি বলেন, ‘একটা স্টেশনারি দোকান করত মোহাম্মদুর। তিন মাস আগে সেটি ছেড়ে দিয়েছে। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক সপ্তাহ পর সৌদি আরব যাওয়ার কথা মোহাম্মদুরের, এর আগেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।’
সূত্র: প্রথম আলো



