তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তদন্তে তিন সম্ভাবনা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পরও কারণ নিশ্চিত করতে পারেনি নৌ পুলিশ। অন্তত ৪০ জনের বক্তব্য নেওয়া হলেও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের এক মাস পরও তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হয়নি। হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—তিনটি দিক বিবেচনায় রেখে তদন্ত করছে নৌ পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। তাহসিফের উত্তরা বাসা, একটি হোটেল, একটি বার এবং টঙ্গীর মাজার রোড বস্তি এলাকার তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ আরও কিছু তথ্য এখনো তদন্তকারীদের হাতে আসেনি।
নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তদন্ত তদারক করছেন। তিনি বলেন, সব দিক খতিয়ে দেখে তদন্তের ফল সংবাদ সম্মেলনে জানানো হবে; এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।
মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন জানান, তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি হবে। নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনও জানান, প্রতিবেদনটি এখনো তাঁদের কাছে আসেনি।
নিখোঁজ হওয়ার রাতের ঘটনাপ্রবাহ
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপের সঙ্গে মোটরসাইকেলে বের হন তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে মনোমালিন্যের পর তাঁকে বাসার সামনে নামিয়ে দিয়ে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় যান।
জিজ্ঞাসাবাদে দীপের দাবি, এলাকায় পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাঁরা আলাদা দিকে দৌড় দেন। তিনি বিআইডব্লিউটিএর একটি পিলারের কাছে লুকিয়েছিলেন এবং পরে পুলিশ সদস্যরা তাঁকে চলে যেতে বলেন। এরপর তাহসিফের সঙ্গে আর দেখা হয়নি বলে দাবি করেন তিনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের ফোনে ‘আসতেছি, রওনা দিছি’ বলে ভয়েস বার্তা পাঠান। এর চার মিনিট পর দীপ বাসার দারোয়ানকে ফোন করে দেরি হবে জানান; রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন।
নৌ পুলিশ ওই রাতের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ব্যক্তির দেওয়া ভিডিও সংগ্রহ করেছে। ঘটনার সময় ওই এলাকায় থাকা আট সদস্যের পুলিশ টহল দলের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা গণমাধ্যমে প্রকাশিত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য এবং টেলিভিশন আলোচনায় আসা তথ্যও যাচাই করছেন।
মরদেহ শনাক্ত ও মামলা
২৮ অক্টোবর বিকেলে ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানার রাজবাড়ি ঘাটের কাছে তুরাগ নদে একটি মরদেহ ভাসার খবর পায় নৌ পুলিশ। পরে পায়জামার পকেটে থাকা আইফোনের সূত্রে মরদেহটি ২৮ বছর বয়সী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির বলে শনাক্ত হয়। ৩০ অক্টোবর রাতে তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেন।
তদন্তের দায়িত্ব নৌ পুলিশের হাতে যাওয়ার আগে পিবিআই ছায়া তদন্ত করে দীপকে হেফাজতে নেয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে দীপ ও ওই তরুণীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়; তাঁরা এখন কারাগারে। মামলার এজাহারে তাহসিফকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
তাহসিফের বাবা বলেন, তাঁর ধারণা ছেলেকে হত্যা করা হয়েছে, তবে কারাগারে থাকা দুজন এ ঘটনায় জড়িত কি না তা তিনি জানেন না। তদন্তের ফল তাঁকে জানানো হয়নি বলেও জানান তিনি। মামলাটি সিআইডি বা পিবিআইয়ের কাছে তদন্তের জন্য দেওয়ার পক্ষে মত দিয়ে এনায়েতুল করিম বলেন, কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন।
সূত্র: প্রথম আলো




