মিরপুরে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

মিরপুরে অভিযান চালিয়ে মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা-পুলিশ। শ্রমিকদের সংগঠিত করে সহিংসতার পরিকল্পনায় তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা-পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় তসলিমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনায় তিনি জড়িত।
গোয়েন্দা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তসলিম যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়ও তিনি দেখভাল করতেন।
কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে তসলিম নিয়মিত দেখা করতেন বলে সূত্রগুলো জানিয়েছে। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাঁদের সঙ্গে সর্বশেষ দেখা করেন তিনি।
সূত্র: আজকের পত্রিকা



