সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী; সন্দেহভাজন আটক

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণে এক আইনজীবী আহত হয়েছেন। সন্দেহভাজন হিসেবে রাজীব বোসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন আইনজীবী ও স্থানীয়রা।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর রাজীব বোস নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন আইনজীবী ও স্থানীয়রা। সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোরশেদ আলম জানান, ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
ঘটনাস্থলে যান ঢাকা আইনজীবী সমিতির নেতারা। সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে শেখ হাসিনার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত বলেও জানান তিনি। তবে তাঁর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ৯ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল। সে ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: চ্যানেল আই অনলাইন



