মগবাজারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস গ্রেপ্তার

মগবাজারে অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নেতা এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস ছিলেন।
রাজধানীর মগবাজার এলাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বয়স ৫৫ বছর।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এমদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



