আহত তিন বিজিবি সদস্যকে হাসপাতালে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনের সময় আহত তিন বিজিবি সদস্যকে ঢাকার পিলখানার হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত তিন বিজিবি সদস্যকে দেখতে শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চিকিৎসাধীন সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন (৪০)। মাথায় আঘাত পাওয়ার পর তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে নেওয়া হয়।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)। খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভাঙার পাশাপাশি ডান হাত ও বাম পায়ে ক্ষত হয়। তিনজনই বর্তমানে পিলখানার ওই হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি জানায়, দুই ঘটনায় হামলার শিকার হলেও সদস্যরা সরকারের নির্দেশনা মেনে ধৈর্য, সংযম ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। প্রয়োজনে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কথা জানিয়েছে বিজিবি।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

হাতিয়ায় ৭২ হাজার কেজি সুপারি ও ২৫ পাচারকারী আটক

ফেনী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, একই পরিবারের তিনজন আটক



