বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি

রাঙামাটির বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে সন্দেহজনক তিনটি ড্রোন দেখে গুলি ছোড়ে বিজিবি। গুলির পর ড্রোনগুলো দ্রুত সরে যায়; সেগুলোর উৎস শনাক্ত হয়নি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তে সন্দেহজনক তিনটি ড্রোন লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা গুলি ছোড়েন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের আকাশে লাল ও সাদা আলো জ্বালানো ড্রোনগুলো দেখা গেলে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। ড্রোনগুলোকে ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে গুলি ছোড়া হয়। এরপর সেগুলো দ্রুত দূরে সরে যায়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, বিজিবির হেলিপ্যাডের ওপর ড্রোনগুলো দেখতে পেয়ে আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় গুলি চালানো হয়।
মেজর সাকিব বলেন, পাহাড়ের বিরাজমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে তাঁর ধারণা। ড্রোনগুলোর উৎস, পরিচালনাকারী কারা এবং গুলিতে সেগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিজিবি গত কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে প্রায় ১৫১ কিলোমিটার সীমান্ত এলাকায় দিনরাত টহল চলছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

হাতিয়ায় ৭২ হাজার কেজি সুপারি ও ২৫ পাচারকারী আটক

ফেনী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, একই পরিবারের তিনজন আটক



