ফেনী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, একই পরিবারের তিনজন আটক

পরশুরামের নিজকালিকাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বিজিবি। তাঁদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) ভোরে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর বিওপির টহল দল তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার শাহাপাড়ার রিপন মজুমদার (৫৫), তাঁর স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ২১৫৯/৩-এস পিলারের কাছে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের ভেতরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান, তিনি দীর্ঘদিন ধরে ইরিটেবল বাওয়েল সিনড্রোমে (আইবিএস) ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে দীর্ঘদিন অপেক্ষা করেও সাড়া না পেয়ে স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকায় অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

হাতিয়ায় ৭২ হাজার কেজি সুপারি ও ২৫ পাচারকারী আটক

বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলি



